আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলীন হয়ে যাবে : বিমান ও পর্যটনমন্ত্রী

আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সরকার আবার ক্ষমতায় ফিরে এসেছে—বিশ্বে এমন নজির নেই। কে আসবে, কে আসবে না, তা নিয়ে চিন্তার কিছু নেই। ‘ডিসেম্বর, ডিসেম্বর’ বলে যে আওয়াজ তোলা হচ্ছে, তা কয়েক দিন পর আর থাকবে না। এসব কথার কোনো বাস্তব ভিত্তি নেই।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ত্রিশালকে ঘিরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ ধরনের বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে হলে মাদক নির্মূল করতে হবে। শুধু ত্রিশাল নয়, সারা দেশ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা যাঁকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, তাঁকে নিয়ে সত্যিই গর্ববোধ করি। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ প্রমুখ।
সভায় ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার সম্ভাবনা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভোরের আকাশ/রই