ধানের শীষে সমর্থনে কক্সবাজারে তারুণ্যের ঢল

“তারুণ্যের ভাবনায় ধানের শীষ”- এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হলো তরুণদের এক মহাসমাবেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার-৩ সংসদীয় আসনের উদ্যোগে অনুষ্ঠিত এ তারুণ্য সমাবেশে আজ দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-যুবকদের ঢল নামে। সমাবেশস্থলে ছিল মিছিল, স্লোগান আর উচ্ছ্বাসমুখর পরিবেশ।
সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল—“ আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা—সবার আগে বাংলাদেশ।”
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা দলীয় শ্লোগানে মুখরিত হয়ে শহীদ দৌলত ময়দানে সমবেত হতে শুরু করেন।
আয়োজনে সভাপতিত্ব করেন তারণ্যের ভাবনায় ধানের শীষ শীর্ষক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান নয়ন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, “এই দেশ তরুণদের, এই ভবিষ্যৎও তাদের হাতে গড়া। তাই রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সামনে তুলে ধরেছেন—সেটি মূলত নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার ঘোষণা। এই ৩১ দফার মধ্যেই আছে শিক্ষা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতার নিশ্চয়তা।”
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই ক্ষমতার জন্য নয়—তরুণদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, "পরিবর্তন চান? তাহলে ভোট দিন ধানের শীষে। এই ভোট কেবল প্রতীক বদলের ভোট নয়—এটা আগামী প্রজন্মের অধিকার ফিরে পাওয়ার ভোট। তরুণদের মধ্যেই আমি পরিবর্তনের আগুন দেখছি, এই শক্তিই বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে।”
তিনি তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন—“আপনারা যে জেগে উঠেছেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা সংগঠিত থাকুন, গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে পাশে থাকুন। এই লড়াই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লড়াই।”
সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্না। তিনি বলেন ২৪ জুলাইয়ের আন্দোলনের স্মরণ করছি আজ। সে সময় ফ্যাসিবাদী শাসনমালে আমরা কোনো কথা বলতে পারিনি, জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সামনে আরও বড় যুদ্ধ—সেটি ভোটের যুদ্ধ। আগামী নির্বাচনে আমরা বিজয়ী হতে পারলে এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি সফল হবে।
আমরা ৩১ দফা দাবির ভিত্তিতে সামনে দেশের ভবিষ্যৎ পরিচালনার রূপরেখা তৈরি করেছি। আগামীতে ধানের শীষ জয়ী হলে বেকারত্ব দূর হবে, মানুষ তার ভোটের অধিকার ফিরিয়ে পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এই সময়ে আমি কক্সবাজার–৩ আসনে লুৎফুর রহমান কাজল সাহেবের জন্য আপনাদের মূল্যবান ভোট কামনা করছি। সাড়ে চার কোটি তরুণ ভোটারের কাছে ধানের শীষের সমর্থন চাই।
আপনারা সবাই অঙ্গীকার করুন—ধানের শীষে ভোট দেবেন। আমরা মাঠে থাকব, ভোটের যুদ্ধে জয় নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাআল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, সাবেক সি. যুগ্ম সম্পাদক মিজানুল আলম, সাবেক সহসভাপতি ফারুক আমিন, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, ধানের শীষের প্রার্থী কাজলের পুত্র সাইফ রহমান ধ্রুব, সদর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল করিম রাশেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা তরুণদের ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। দীর্ঘ বক্তব্য, স্লোগান আর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ময়দান তরুণদের উৎসবে পরিণত হয়।
ভোরের আকাশ/জাআ