শিশুখাদ্যসহ নানা পণ্য উৎপাদন, নওগাঁয় অবৈধ কারখানায় জরিমানা

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে কোনো অনুমোদন বা সনদ না নিয়ে দীর্ঘদিন ধরে শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘রাবিয়া ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গণমাধ্যমকর্মীদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরস্বতী এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সরস্বতী এলাকার প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত বয়লার ঘরে কারখানাটি স্থাপন করা হয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরে মোহাম্মদ সেকেন্দার রানা নামের এক ব্যক্তি অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
কারখানাটিতে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই মটর ভাজা ডাল, বিভিন্ন ধরনের চিপস ও ‘জিরো চিপস’সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হতো। এসব পণ্য উৎপাদনে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন বা সনদ ছিল না বলে অভিযানকালে নিশ্চিত হওয়া যায়।
এ ছাড়া কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। বিশেষ করে এসব পণ্যের অন্যতম ভোক্তা শিশু হওয়ায় বিষয়টি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর মহাদেবপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাতের বিষয়টি নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, খাদ্যে ভেজাল, বিশেষ করে শিশুখাদ্যে অনিয়মের বিষয়ে তথ্য পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।
ভোরের আকাশ/জেআ