তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে সফরের প্রথম দিনে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।
এ সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে দেখেন। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
সফরসূচি অনুযায়ী, রোববার সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন।
তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।
ভোরের আকাশ/সু.পা