টাঙ্গুয়ার হাওরে ২৫ জেলে আটক, জরিমানা আদায়
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনা জাল দিয়ে মাছ ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৪০০ প্লাস্টিক ছাই ও ৭টি মাছ ধরার নৌকা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর ও মধ্যনগর উপজেলার নির্বাহী অফিসারগণ। অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা সহযোগিতা করেন।
আটক ২৫ জেলের মধ্যে ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বয়স বিবেচনায় ৩ জন কিশোরকে মুচলেকা গ্রহণ করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক জানান,‘টাঙ্গুয়ার হাওরের প্রাণ-প্রকৃতি রক্ষা ও মাছের প্রজনন নিরাপদ করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
ভোরের আকাশ/জাআ