কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ নারী পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে দেয়া ওই ৯ নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
পুশইন হওয়া ওই ৯ জন হলেন- বাইদুল ইসলাম (৬৫), মোছা: আমিরন বেগম (৪৫), রুমি খাতুন (২০), আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০), জয়নাল আবেদীন, জুই (১০), মীম (৭), এবং নুর হামিদ (৭), সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার উপজেলা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসআই