কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলা : একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী। রায়ে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াটি গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট আল-আমিন ও ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এরপর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। মাত্র সাত কার্যদিবসের মধ্যে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ভোরের আকাশ/সু.পা