ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে। রোজিনা বেগম ওই গ্রামের মিজানুর রহমান পিলুর স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে হঠাৎ শুরু হওয়া তীব্র বজ্রপাত ও ঝড়বৃষ্টির মধ্যে ওই গৃহবধূ গরুকে খাবার দিতে গোয়াল ঘরে গেলে পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র প্রভাবে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রমজন আলী বলেন, বজ্রপাতে নারকেল গাছটির গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/নি