বগুড়ায় ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৩ বছরের মেয়ে ও ৮ মাস বয়সী ছেলে সন্তানের গলাকাটা মরদেহ এবং ওই দুই শিশু সন্তানের মায়ের গলায় ওড়না পেঁচানো মরদেহ তাদের বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওই উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহের পরিচয় হচ্ছে- খলিশাকান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তাঁদের দুই সন্তান সাইফা (৩) ও সাইফ (৮ মাস)।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার বেলা পৌণে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছার পর তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ওই দুই সন্তানের গলা কাটা মরদেহ বিছানায় পড়ে ছিল। এছাড়া মায়ের গলায় ওড়না পেচাঁনো মরদেহ ঘরে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে। ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রতিবেশী লোকজনের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘরের দরজা বন্ধ ছিল। ঘটনাটি জানার পর লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় মায়ের মরদেহ নামিয়ে ফেলে। জনগণ আরও জানিয়েছে নারীর স্বামী শাহাদত হোসেন অন্য ঘরে শুয়ে ছিলেন। শাহাদত হোসেন একজন সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে ছুটিতে তিনি গ্রামে এসেছেন। এ ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি জানান, এই হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করা হচ্ছে।
ভোরের আকাশ/জাআ