সিদ্ধিরগঞ্জে মহাসড়কে উচ্ছেদ অভিযানকালে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) বেলা ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার চিটাগাং রোড বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড থেকে সাইনবোর্ড এলাকার সড়ক ও জনপদ বিভাগের জায়গায় নির্মিত মহাসড়কের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যসামগ্রীর অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হঠাৎ বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সহযোগীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় পুলিশ উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটঁনাস্থলে উপস্থিত উপ-পরিদর্শক ওয়াসিম আকরাম বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে উভয়পক্ষের দ্ব›েদ্ধর কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি শান্ত করেছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, মাইক্রোস্ট্যান্ড নয়, আমি বাসায় ছিলাম। মারামারি দেখি নাই। জানতে পেরেছি একজন ছেলের সাথে তর্কবিতর্ক হয়েছে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের সময় নীলাচল বাসগুলো সরানো নিয়ে সংঘর্ষ ঘটে। তিনি বলেন, শুনেছি ছাত্রদলের কাদের নীলাচল বাস কাউন্টার নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের বলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি কিছুদিন আগে কমিটি করে মাইক্রোস্ট্যান্ড দখল করে। উচ্ছেদের সময় আমার ছেলে সেখানে গেলে তার ছেলে আমার ছেলেকে মারধর করে। ঘঁটনার পরে আমি খবর পেয়ে সেখানে যাই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উচ্ছেদ নিয়ে কিছু হয়নি। প্রকৃতপক্ষে মাইক্রোস্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। আমাদের পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অভিযান চলাকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, উচ্ছেদের মালামাল সরানো নিয়ে ঘটেছে। তবে আমি থাকা অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছিল।
ভোরের আকাশ/এসএইচ