চট্টগ্রামে চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে চেতনানাশক পদার্থ মেশানো পানি পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের শাহীন ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত ২০ অক্টোবর তার মায়ের অনুপস্থিতিতে পাশের বাসার এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে পান করানোর পর কিশোরীকে অচেতন করা হয়। পরে শাহীন ইমন ও নুরুল আবছার তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করেন, শাহীন ইমনসহ অন্য আসামিরা তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় জড়িত। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা