প্রধান শিক্ষককের ওপর মাদক কারবারিদের হামলা-মারধর

কক্সবাজারের টেকনাফে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আমান উল্লাহ নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্টেশনের রাজা কাশিমের মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত আমান উল্লাহকে স্থানীয় লোকজন উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
আমান উল্লাহ হ্নীলা মৌলভীবাজার আলী আকবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক মাস্টার কলিম উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমান উল্লাহ রাজা কাশিমের মার্কেটে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। হামলার ঘটনায় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানদার ও স্থানীয় লোকজন নিরাপদ স্থানে সরে যান। পরে স্বজনেরা স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আমান উল্লাহ বলেন, শুক্রবার মৌলভীবাজার সীমান্তে এক লাখ ইয়াবাসহ রুহুল আমিন নামের একজনকে বিজিবি আটক করে। ওই ঘটনায় তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি মাদকবিরোধী অভিযানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করেন।
শিক্ষকের অভিযোগ, ওই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালান। তিনি হামলায় মাজেদ, আব্দুল্লাহ, আবছার, জুহুর আলমসহ তাঁদের সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
টেকনাফ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাস্টার জাকারিয়া বলেন, একজন প্রধান শিক্ষকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, একজন প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা দুঃখজনক। হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব