সিরাজদিখানে উলামা ফোরামের উদ্যোগে জুয়া ও মাদকবিরোধী মানববন্ধন

সমাজ থেকে জুয়া ও মাদকের ভয়াবহতা দূর করার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উলামা ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রাজানগর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
এসময় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সৈয়দপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মাহবুবুর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলেট, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে. আই. চৌধুরী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত এবং থানা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সানু-সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/এনউব