শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

মাদারীপুরের শিবচরের নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৭০০ মিটার পাইপ বিনষ্ট ও দুইটি ড্রাম ট্রাক ও নসিমনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবচরের আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এর নেতৃত্ব উপজেলার সহকারী কমিশনার শাইখা সুলতানা, থানা পুলিশ, নৌ পুলিশ ও সেনাবাহিনীও শিবচর পৌরসভার কর্মচারীগন অংশ নেয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবচরের আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীর বিভিন্ন অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র। রবিবার বালু উত্তোলনের খবর পেয়ে আড়িয়াল খাঁ নদী সংলগ্ন উতরাইল ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ মিটার পাইপ বিনস্ট, যাদুয়ারচর ও স্বাস্থ কলোনী এলাকার ময়নাকাটা নদীতে অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজারের ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। একই সময় ২টি ড্রাম ট্রাক ও ১টি অবৈধ নাসিমনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৩টি মামলায় মোট ৪৫০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ড্রেজার গুলোকে অকার্যকর করণের স্বার্থে ১০টি ব্যাটারি ও আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে যা বিধি মোতাবেক বিলি বন্দেজ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, আমরা এর আগেও অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।
ভোরের আকাশ/জাআ