বিএনপির ৪৮ বছরের অর্জন জনগণের অর্জন : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ৪৮ বছরের অর্জন জনগণের অর্জন। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অর্জন। কাজেই বিএনপিতে গর্ব করার আছে। বিএনপিতে কোনো হতাশা নাই, বিএনপির ভবিষ্যৎ আছে। বিএনপি ভবিষ্যতের কথা বলে, বিএনপি জনগণের কথা বলে, আগামীর বাংলাদেশের কথা বলে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আজ সার ও বিদ্যুৎ নিয়ে নানা কথা বলছেন এবং মানুষকে বিভ্রান্ত করতে চান, তাদের আশ্বস্ত করতে চাই—দিনাজপুর কৃষির জন্য বিখ্যাত একটি অঞ্চল। বাংলাদেশের চাল উৎপাদনের প্রায় ১৯ শতাংশ দিনাজপুরে উৎপাদিত হয়। দিনাজপুরের প্রত্যেক কৃষক যেন সময়মতো সার পান, সে ব্যবস্থা বর্তমান সরকার করেছে। তাই সার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ জাতীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম মঞ্জু। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে বিশাল একটি রেলি ব্যান্ড পার্টি সহ বাজনা বাজিয়ে ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হয়।
ভোরের আকাশ/ এনউব