পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।
সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবীর।
সভায় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সুযোগ থাকায় এটি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়ের জন্যই সুবিধাজনক।
বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে বাংলা কিউআর কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে লেনদেনে সময় ও ঝুঁকি কমার পাশাপাশি দেশের আর্থিক সেবাকে আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
সভায় পিরোজপুর জেলায় বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো, ব্যবসায়ীদের এ ব্যবস্থার আওতায় আনা এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পিরোজপুর জেলায় বাংলা কিউআর বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখাকে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি, এর সুবিধা সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।