মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ, আটক ৬

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহজনক দুটি কার্গো বোটের গতিবিধি নজরে আসে। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, পাচারের উদ্দেশ্যে পণ্যগুলো বোটে বোঝাই করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের পরিচয় ও পাচারচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা সিমেন্ট ও রাসায়নিক সার এবং পাচারে ব্যবহৃত দুটি কার্গো বোট আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
ভোরের আকাশ/সু.পা