আজিজ সভাপতি-রাকিব সম্পাদক
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দীর্ঘ প্রায় ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিব হোসেন যা সংগঠনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
শনিবার (২ মে) রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তা কাটিয়ে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।
জানা যায়, দুই দশকেরও বেশি সময় ধরে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছিল। মাঝে মাঝে আংশিক বা আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম চললেও তৃণমূল পর্যায়ে কাঙ্ক্ষিত গতি ও বিস্তার অর্জিত হয়নি। ফলে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পূর্ণাঙ্গ কমিটির দাবি দীর্ঘদিন ধরেই ছিল।
নবনিযুক্ত সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পেরে আমরা গর্বিত। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল সবসময়ই একটি ঐতিহ্যবাহী ও শক্তিশালী ইউনিট হিসেবে পরিচিত।”
তিনি আরও বলেন, “ব্যক্তিস্বার্থ ও বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের চেষ্টা করেছি, যাতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়।”
দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকনির্দেশনায় সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েই এগোবে নতুন কমিটি।
কমিটি ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবার মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়বে এবং সংগঠন নতুন প্রাণ ফিরে পাবে।
বিশ্লেষকদের মতে, নতুন কমিটির সামনে চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবিলার যথেষ্ট সুযোগ রয়েছে। তৃণমূলকে সুসংগঠিত করা, পুরনো বিভাজন নিরসন এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করতে পারলেই ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল আবারও শক্তিশালী ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।
ভোরের আকাশ/ র.ই