কক্সবাজারে আলোচিত শরীফ হত্যার মূল হোতা আব্দুল করিম গ্রেফতার

কক্সবাজার সদর থানাধীন পি.এম. খালীর আলোচিত শরীফ হত্যা মামলার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম (৩৫) র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী সদর থানার এলাকায় র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে গত ৩০ নভেম্বর রাতের দিকে পি.এম. খালীর উত্তর নয়াপাড়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় মো. শরীফকে।
অভিযোগ রয়েছে—পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে ১নং আসামী আব্দুল করিম অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই শরীফ গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২ ডিসেম্বর নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তবে আসামীরা সুকৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকায় তাদের গ্রেফতারে সময় লাগে।
অবশেষে প্রযুক্তিগত সহায়তায় আব্দুল করিমের অবস্থান শনাক্ত করে র্যাব সদস্যরা পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ব্লু-ব্ল্যাক রঙের Vivo Y20 মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৬৩৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পি.এম. খালীর ছনখোলা উত্তর নয়াপাড়ায়। তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি অস্ত্র আইনের একটি মামাসহ একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ