জীবননগরে মাদক বিক্রি নিষেধ করায় বাড়িতে হামলার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার লক্ষীপুর খাঁপাড়া এলাকায় মাদক বিক্রি নিষেধ করাকে কেন্দ্র করে সেলিম হোসেন নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষীপুর খাঁপাড়ার বাসিন্দা মোজাম্মেলের ছেলে সেলিম হোসেনের সঙ্গে একই এলাকার মোতালেবের ছেলে এনামুল ইসলাম ইন্নার প্রায় এক সপ্তাহ আগে কথা কাটাকাটি হয়। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, এনামুল ইসলাম ইন্না এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। সেলিম হোসেন জানান, তার স্কুলপড়ুয়া ছেলে ও আশপাশের শিক্ষার্থীদের কাছে মাদক বিক্রি না করার অনুরোধ জানালে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে তার বসতবাড়িতে হামলা চালানো হয় বলে দাবি সেলিমের। হামলাকারীরা ঘরের জানালায় ইট নিক্ষেপ করে কাঁচ ভেঙে ফেলে। এতে জানালার কাঁচ চূর্ণ হয়ে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনকে ডাক দিলে তারা ঘটনাস্থলে এসে জড়ো হন। এলাকাবাসীর দাবি, ওই সময় অভিযুক্তদের মোটরসাইকেলে করে সেলিমের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে।
খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেলিম হোসেনকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুক্রবার সকালেও অভিযুক্ত দুই ব্যক্তিকে মোটরসাইকেলে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সেলিম হোসেন বলেন, “আমি জীবননগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের লক্ষীপুর ৫ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক ব্যবসায়ীদের কারণে আমরা সবসময় আতঙ্কে থাকি।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জীবননগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এনউব