একই পরিবারের দুই ভাইয়ের ডিলারশিপ
চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত কয়েকজন আবেদনকারী।
তাঁদের দাবি, নেজাম উদ্দিনের ভাইয়ের নামে আগে থেকেই বিসিআইসি সারের সাব-ডিলারশিপ রয়েছে। এ ছাড়া তাঁর নিজস্ব খতিয়ানভুক্ত জমি ও গুদাম না থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়েছে। এসব অভিযোগে উচ্চ আদালতে রিট আবেদনের পর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
গত ৩ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট পিটিশন নম্বর ১৫১৯৭/২০২৬-এর শুনানি শেষে এ আদেশ দেন। আদালত একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। রুলে ২০২৬ সালের ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের জারি করা স্মারক নম্বর ১২.০০.০০০০.০৩১.০০০০.০০৬.২৬-১৭৭-এর অধীনে উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
হাইকোর্টে রিট আবেদনটি করেন উত্তর হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন। তিনি মেসার্স কাসেম পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। তাঁর অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ করে তিনি ডিলারশিপের জন্য আবেদন করলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাজ্জাদের দাবি, নেজাম উদ্দিনের ভাই নাছির উদ্দিনের নামে উত্তর হারবাং ইউনিয়নে আগে থেকেই বিসিআইসি সারের সাব-ডিলারশিপ রয়েছে। একই পরিবারের একজনের নামে সার ডিলারশিপ থাকলে অন্য সদস্যের আবেদনের সুযোগ না থাকার বিধান নীতিমালায় রয়েছে বলে দাবি তাঁর।
সাজ্জাদ হোসেন বলেন, তাঁর প্রতিষ্ঠানের নামে নিজস্ব খতিয়ানভুক্ত জমিতে একাধিক বড় গুদাম রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও তাঁকে নিয়োগ না দিয়ে নিজস্ব জমি ও গুদাম না থাকার অভিযোগ থাকা প্রতিষ্ঠানকে ডিলার করা হয়েছে। তাঁর অভিযোগ, অন্য ব্যক্তির সঙ্গে চুক্তির মাধ্যমে গুদাম দেখিয়ে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নীতিমালা অনুসরণ করে আবেদন করার পরও আমাকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। আমার নিজস্ব জমি ও একাধিক গুদাম রয়েছে। অথচ যাঁর নিজস্ব জমি-গুদাম নেই বলে অভিযোগ, তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য আবেদনকারীকে নিয়োগ দেওয়া হোক।
একই নিয়োগপ্রক্রিয়া নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তর হারবাংয়ের বাসিন্দা জামাল হোসেন ও জিয়াবুল হক। গত ৪ নভেম্বর দেওয়া পৃথক অভিযোগে তাঁরা দাবি করেন, নেজাম উদ্দিন ও তাঁর ভাই নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়নের করমমুহুরী পাড়া ও গয়ালমারা স্টেশন এলাকায় পৃথক দুটি দোকানের মাধ্যমে একই নামে সার ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁদের অভিযোগ, প্রায় ১৭ বছর ধরে দুই ভাই সার ব্যবসার সঙ্গে যুক্ত। নাছির উদ্দিনের নামে বিসিআইসি সারের সাব-ডিলারশিপ থাকা সত্ত্বেও তাঁর ভাইকে নতুন করে মূল ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জামাল হোসেনের অভিযোগ, একই পরিবারের একজনের নামে সার ডিলারশিপ থাকা অবস্থায় অন্য ভাইকে নতুন করে নিয়োগ দেওয়া নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি নিজস্ব খতিয়ানভুক্ত জমি ও গুদাম থাকার বিষয়টি যাচাই না করেই নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। তিনি নিয়োগপ্রক্রিয়া পুনঃতদন্ত করে নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনকারীকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।
অন্য আবেদনকারী জিয়াবুল হকও অভিযোগ করেছেন, তিনি ২০২৬ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসারে আবেদন করেও বৈষম্যের শিকার হয়েছেন। তাঁর দাবি, নিয়োগের ক্ষেত্রে জমির মালিকানা, গুদামের অবস্থান ও পারিবারিক ডিলারশিপের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হয়নি। এ কারণে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি পুরো বিষয়টি পুনঃতদন্ত করে নতুন প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর সাজ্জাদ হোসেন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের নিয়োগ প্রজ্ঞাপন স্থগিত এবং নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনকারীকে নিয়োগ দেওয়ার দাবি জানান। পরে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করেন তিনি। রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।
হাইকোর্টের আদেশের প্রত্যয়িত অনুলিপি ও আইনজীবীর সনদ সংযুক্ত করে গত ৮ নভেম্বর জেলা প্রশাসকের কাছে পুনরায় আবেদন করেন সাজ্জাদ হোসেন। এতে আদালতের স্থগিতাদেশ কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আবেদনের অনুলিপি চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতিকেও দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আমার ভাই নাসির উদ্দীনের যে ডিলার আছে সেটি খুচরা ডিলার। তাদের দুই ভাইয়ের ডিলারশীপের স্থগিতাদেশ এর বিষয়ে হাইকোর্টে যে নির্দেশনা এসেছে সে বিষয়েও জানেননা বলে জানিয়েছেন অভিযুক্ত নেজাম উদ্দিন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে জানতে চাইলে চাইলে তিনি জানান, একই পরিবারের দুইজন সারের ডিলার ত পাওয়ার কথা না। তদন্তে হয়তো তা উঠে আসেনি। এই নিয়োগ দেয় ডিসি অফিস, ইউএনও অফিস দেয়না। আমার কাছে গতকাল হাইকোর্টের একটি রিট পিটিশন এসেছে। আমার অবস্থান থেকে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ভোরের আকাশ/রই