টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক গ্রেপ্তার

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শুক্কুর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়।
গ্রেপ্তার শুক্কুর আলী টঙ্গী পূর্ব থানার পুর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। গত ২২ আগস্ট ঘোষিত কমিটিতে তিনি এই পদ পান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে টঙ্গী এলাকা থেকে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার নামে থাকা সকল মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, ‘শুক্কুর আলী সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। একাধিক মামলার এই আসামি সামাজিক ও রাষ্ট্রীয় গুরুতর অপরাধের সঙ্গে জড়িত।
ভোরের আকাশ/ এনউব