খুলনায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকার আহ্বান হুইপ বকুলের

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে খুলনার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
একই সঙ্গে আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর সফল করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইনে খুলনা মহানগর বিএনপি আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ বকুল।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তাঁদের পাশে থাকতে হবে।
বিশেষ করে নগরীর পাঁচটি থানার আওতাধীন পূজামণ্ডপগুলোতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন খুলনা সফর প্রসঙ্গে রকিবুল ইসলাম বকুল বলেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীকে খুলনায় ‘সর্বকালের সেরা’ সংবর্ধনা দেওয়া হবে। এ সফর সফল করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও জানান, সফরের দিন যত ঘনিয়ে আসবে, এ বিষয়ে আরও কয়েকটি বর্ধিত সভা আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও দলীয় শীর্ষস্থানীয় নেতাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন।
সভায় মহানগর বিএনপি, বিভিন্ন থানা ও ৩১টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
ভোরের আকাশ/সু.পা