শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: ডিসি চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী এবং প্রাথমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসনে আরা প্রমুখ।
মতবিনিময় সভায় বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সদর উপজেলার ১৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও হাই স্কুল পর্যায়ে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি দাবা বোর্ড বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে এক বছরের জন্য বই ও শিক্ষা সামগ্রী তুলে দেন তিনি।
পরে প্রধান অতিথির উপস্থিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জন কিশোর-কিশোরীর অংশগ্রহণে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এরপর তিনি সদর উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ভোরের আকাশ/আ.র