ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীসহ সাতজন দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নামতে পারায় প্রাণে বেঁচেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও রোগীর স্বজনসহ সাতজন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে ধোঁয়া ছড়াতে থাকে। এ সময় অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ যাত্রীরা দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নেমে আসে। এতে সাতজন প্রাণে বেঁচে যায়। যাত্রীরা নেমে যাওয়ার সাথেই সাথেই অ্যাম্বুলেন্সে ধাও ধাও করে আগুন ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানান তিনি।
ভোরের আকাশ/মো.আ.