চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ৫ টনি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা জেলার দৌলতখান থানার চরসফি গ্রামের মৃত আব্দুল মালেক মিয়া ও জোহরা খাতুনের ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই থানার দলিঘাট গ্রামের বজলুর রহমান ও মনোয়ারা বেগমের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তাঁরা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের পৃথক এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই আবুল কালাম গাজী। তাঁর সঙ্গে ছিলেন এএসআই নয়ন মিয়া, এএসআই কামরুল ইসলামসহ থানার একটি চৌকস দল।
অভিযানকালে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের একটি হলুদ রঙের ৫ টনি ট্রাক এবং ট্রাকে থাকা আনুমানিক ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/রই