চাঁদপুরে মুখে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবি আইনজীবীদের

আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আন্দোলনের নবম দিনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আইনজীবী সমিতির ব্যানারে আদালত প্রাঙ্গণ থেকে কালো ব্যাজ ধারণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির, শিরিন আক্তার মুক্তা, আবু বকর, মাসুদ প্রধানিয়া, আতিকুর রহমান ও সাদ্দাম হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, ‘বিচারকদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মূল সমস্যা বিচারক ও আইনজীবীদের মধ্যকার সমন্বয়হীনতা এবং অসৌজন্যমূলক আচরণ।’ বিচারপ্রার্থীদের স্বার্থ সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্জনকৃত আদালতে বিচারপ্রার্থীরা যেন প্রবেশ না করেন এবং আইনজীবী সহকারীরাও যেন ওইসব আদালতে কোনো তদবির বা কার্যক্রমে অংশ না নেন।
আন্দোলন সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতির জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চালিয়ে আসছেন আইনজীবীরা।
বর্জনকৃত তিন বিচারক হলেন, চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, ম্যাজিস্ট্রেট-১ সিনিয়র জুডিসিয়াল পলাশ বর্ধন, জজ আদালত সদর সিনিয়র সিভিল বিচারক শম্পা ইসলাম।
ভোরের আকাশ/আ.র