১৩ নভেম্বর ঘিরে সহিংসতা
শরীয়তপুরে আইনজীবী সমিতিসহ দু’টি স্থানে বোমা হামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘিরে শরীয়তপুরে সহিংসতা শুরু হয়েছে। শরীয়তপুরে চিকন্দী আইনজীবী সমিতিসহ দু’টি স্থানে বোমা হামলা হয়েছে।
রবিবার দিবাগত রাতে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ও জেলা জজ কোর্টের ভিপি জিপি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমা হামলার ঘটনা ঘটেছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ন্যাক্কারজনক হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। বোমা হামলায় আইনজীবী সমিতির দেয়াল ও আইনজীবীর চেম্বারের সাঁটার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ১ টার দিকে।
এ ঘটনার প্রতিবাদে চিকন্দি আইনজীবী সমিতির উদ্যোগে সোমবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লক ডাউন কর্মসূচি সফল করতে এ ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে বিএনপি দলীয় নেতাকর্মীরা দাবি করেছেন।
শরীয়তপুর জেলা জজ কোর্টের ভিপি জিপি ও চিকন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. রুবায়েত আনোয়ার মনির ও চিকন্দী পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, চিকন্দী সিনিয়র সহকারী জজ আদালত সংলগ্ন চিকন্দী আইনজীবী সমিতির কার্য়ালয়ে এবং চিকন্দী বাজারে অবস্থিত জজ কোর্টের ভিপি জিপি ও চিকন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে রবিবার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা বোমা হামলা করে পালিয়ে যায়। এতে করে আইনজীবী সমিতির কার্য়ালয় ক্ষতিগ্রস্ত হয়। একই সময় অ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমার বিস্ফোরণে সাঁটার ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। গভীর রাতে বোমার বিকট শব্দে আশপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে চিকন্দী ফাঁড়ির পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে (আজ) সোমবার দুপুরে চিকন্দী আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে আইনজীবীরা।
চিকন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজীব ফকির বলেন, ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসুচীকে কেন্দ্র করে জনমনে আতংক সৃষ্টি করার জন্য এ বোমা হামলা করেছে।
জেলা জজ কোর্টের ভিপি জিপি ও চিকন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির বলেন, ১৩ নভেম্বর ঘিরে ভয়ভীতি প্রদর্শণ ও আতংক সৃষ্টি করার জন্যই সন্ত্রাসীরা চেম্বারে হামলা করেছে। চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান তালুকদার বলেন, রাতের অন্ধকারে আইনজীবী সমিতির কার্যালয়ে ও একজন আইনজীবীর চেম্বারে বোমা হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের অন্যায় কাজ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই।
চিকন্দী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুজন সিকদার বলেন, এ ঘটনার পর চিকন্দী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে আলামত সংগ্রহ করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান চিকন্দী ফাঁড়ির ইনচার্জ।
ভোরের আকাশ/জাআ