বাসাইলে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সজিবের ১ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বাসাইল পৌরসভার শহীদ মিনার সংলগ্ন ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে।
পুলিশ জানায়, বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করার সময় পৌর এলাকার শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গা থেকে সজীবকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে।
পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এ সময় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব