সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ দেশের জন্য বারবার ক্ষতির কারণ হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক মানুষ আত্মত্যাগ করেছেন। সেই সংগ্রামের ফলেই দেশে গণতন্ত্র ফিরেছে এবং মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁত শিল্পের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, অতীতে প্রকৃত তাঁতিদের পরিবর্তে প্রভাবশালী ব্যক্তিরা সুতার নিয়ন্ত্রণ করতেন। ফলে তাঁতিদের বেশি দামে সুতা কিনতে হতো এবং অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হতো।
তিনি আরও বলেন, দেশের বস্ত্র ও তাঁত খাতে যখন খুব কম মানুষ বিনিয়োগ করতেন, তখন থেকেই তিনি এ খাতের সঙ্গে যুক্ত ছিলেন।
রাজনৈতিক প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন এবং বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে তাঁত শিল্পের উন্নয়ন, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব এবং স্থানীয় শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/জেআ