জৈন্তাপুর সাবেক আ.লীগ সভাপতি কামাল আহমদ আটক

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তার পাসপোর্ট যাচাইয়ের সময় সেটি ব্লক থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমদ। এ সময় তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে ব্লক থাকার বিষয়টি শনাক্ত করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে তাকে আটকে রেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, কামাল আহমদ বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তার বিরুদ্ধে মামলা রয়েছে উল্লেখ করে ওসি বলেন, বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে কামাল আহমদকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দুই বছর পর আবারও ভারতে যাওয়ার পথে তার পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি সামনে এলো। তবে পাসপোর্ট ব্লক করার কারণ, এ-সংক্রান্ত নির্দেশদাতা কর্তৃপক্ষ এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র