ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে থানা পুলিশের এক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪:৩০ ঘটিকার সময় ফুলপুর পৌরসভার গোদারিয়া (উত্তর) এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাহাথির বিন মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ফুলপুর পৌরসভাস্থ গোদারিয়া (উত্তর) সাকিনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চেরাগ আলী রাইস মিলের পাশ দিয়ে আনোয়ার খিলাগামী পাকা রাস্তার ডানপাশে জনৈক জাকির হোসেনের বসত বাড়ির সামনে থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:১. আরিফ মিয়া (৩৩), পিতা-এবাদুল, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন। ২. মো. সাকিব হাসান (২২), পিতা-মো. আঃ রশিদ, মাতা-মোছাঃ শানু আক্তার। তারা উভয়েই ফুলপুর থানার গোদারিয়া (উত্তর) এলাকার বাসিন্দা।
তল্লাশিকালে আসামি আরিফ মিয়ার কাছ থেকে ০৬ (ছয়) পিস এবং মো. সাকিব হাসানের কাছ থেকে ০৪ (চার) পিসসহ সর্বমোট ১০ (দশ) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফুলপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পলাতক বাকি দুই আসামিকে সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই