রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধানের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাঙ্গীর গ্রামের বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধান নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া পৃথক আরেক ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও অন্যান্য কার্যক্রম শেষে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি চুরির উদ্দেশ্যে রুবেল প্রধান একটি বাড়িতে প্রবেশ করে। সেখানে একা থাকা বৃদ্ধা সাফিয়ার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ও চিৎকার শুরু করলে রুবেল ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ রুবেল প্রধানকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য, জবানবন্দি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেল প্রধানকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ৩৯২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
ভোরের আকাশ/রই