টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেলেন

টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেকজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ।
টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। দুদিন আগের ওই অগ্নি দুর্ঘটনায় এ নিয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হল। আরো দুজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তালহা বিন জসিম জানান, ৩৮ বছর বয়সী নুরুল হুদার শরীরের ১০০ শতাংশই পুড়ে যায়।
এর আগে, গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিকের কারখানায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার ফাইটার দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ (৪০) মঙ্গলবার বিকালে মারা যান। তার শরীরেও পোড়ার মাত্রা ছিল ১০০ শতাংশ। বার্ন ইনস্টিটিউটে এখন চিকিসাধীন আছেন ফায়ার ফাইটার জয় হাসান ও ফায়ার অফিসার জান্নাতুল নাঈম। তাদের মধ্যে জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ এবং জয়ের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
স্থানীয়রা বলছেন, টিনশেডের গুদামটি একটি পোশাক কারখানার। সোমবার বিকালে হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভেতরে থাকা লোকজন দৌঁড়ে বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ শুরুর পর রাসায়নিকের এক ড্রামের বিস্ফোরণ ঘটে। তাতেই চারজন দগ্ধ হন। তবে এটা যে কেমিক্যালের গোডাউন তা ফায়ার কর্মীদের কেউ বলেনি।
ভোরের আকাশ/জাআ