সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রনি (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১০ এপ্রিল ) সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁ উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত রনি সোনারগাঁ উপজেলার দমদমা এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রনি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়া সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও জানায় র্যাব। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত রনিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/ র.ই