ঈশ্বরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনের দেড় লাখ টাকার হাদিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে দেড় লাখ টাকার ঈদ হাদিয়া বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ যোহর ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অসচ্ছল ৩০ জন ইমাম-মুয়াজ্জিনের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মণ্ডলীর এক সদস্যের নিজস্ব অর্থায়নে এ হাদিয়া প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলরা ইমাম-মুয়াজ্জিনদের হাতে এ ঈদ উপহার তুলে দেন। উপহার পেয়ে তারুন্দিয়া ইউনিয়নের মামধীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো. শরিফুল ইসলাম বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের দিকে সাধারণত খুব কম মানুষই দৃষ্টি দেন। জনতার ঈশ্বরগঞ্জ আমাদের সম্মানিত করেছে। মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।”
জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক ও অ্যাডমিন আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী। সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন, উপদেষ্টা সদস্য আমজাদ হোসেন সোহেল, রেজাউল করিম রাজু, লায়ন সৈয়দ মোশারফ হোসেন সরকার, পরিচালনা কমিটির সদস্য এহছানুল হক, আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ ও আমানাহ একাডেমির পরিচালক মারুফ আল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেন, শরিফুল আলম, পারভেজ, মোহাম্মদ মুস্তাকিম, মাসুম মিয়াসহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ।
জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, “ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটাতে পারে, তাহলেই আমরা সার্থক। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই জনতার ঈশ্বরগঞ্জ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/ র.ই