মিঠামইনের হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতি, লুট প্রায় ৪০ লাখ টাকার মালামাল

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে পর্যটকবাহী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
রোববার (৭ জুন) রাতে মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০ জন পর্যটক হাওর ভ্রমণ শেষে রাতে মিঠামইন থেকে ট্রলারে করে বালিখলা ঘাটের উদ্দেশে রওনা দেন। পথে আকস্মিক ঝড়ের কারণে ট্রলারটি কিছু সময় আটকে থাকে।
পরে যাত্রা শুরু করলে হাসানপুর ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত ট্রলারে উঠে যাত্রীদের জিম্মি করে।
ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। নারী যাত্রীদেরও হেনস্তার অভিযোগ ওঠে।
ভুক্তভোগী রাজিব জানান, ট্রলারে থাকা প্রায় ৪০ জন যাত্রীর কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। ঘটনার পর তারা বালিখলা ঘাটে গিয়ে টুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করেন। তবে তাৎক্ষণিক কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দাবি, হাওরাঞ্চলে পর্যটন বাড়লেও নৌপথে নিরাপত্তা ব্যবস্থা এখনও দুর্বল। বিশেষ করে রাতে টহল কম থাকায় ডাকাত চক্র সক্রিয় হয়ে ওঠছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হাওরাঞ্চলে নৌ-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মিঠামইন নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ সমাদ্দার বলেন, ঘটনাটি তারা শুনেছেন এবং বিস্তারিত খোঁজ নিয়ে তদন্ত করা হবে।
অন্যদিকে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নৌ ও টুরিস্ট পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং পুলিশও ছায়া তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/ এনউব