শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে তৎপর এসআরবি-৮, বরিশাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এরই অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি এবং সিটি কর্পোরেশনের বাইরের ৪৪টিসহ মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।
শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে বিপুলসংখ্যক ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে এসআরবি-৮, বরিশাল।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়, ইউনিফর্মে এবং সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরার ব্যবহার এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এ উপলক্ষে বরিশালের শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে জনাব মোহাম্মদ জাকিউল করিম, (জি), বিএন, অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
এসআরবি-৮, বরিশালের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
ভোরের আকাশ/ এনউব