ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা পাচার, বিমানবন্দরে আটক ২

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবাসহ দু'জনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।
রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটে ওঠার আগেই নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়ে ফাঁপা করা ক্রিকেট ব্যাটের ভেতর লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবা। আটককৃতরা হলেন- মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে ক্রিকেট ব্যাটের ভেতর ব্যতিক্রমী বস্তু থাকার ইঙ্গিত পাওয়া গেলে ব্যাট খুলে দেখা যায়, এর ভেতরে বিশেষ কৌশলে লুকানো রয়েছে ইয়াবা ট্যাবলেট।
বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, আটক ব্যক্তিরা বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন।
এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এখন সড়ক পথের পাশাপাশি বিমানও ব্যবহার করছে পাচারকারীরা। কক্সবাজার থেকে ইয়াবা পাচার একটি সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়তই চলছে এই ইয়াবা পাচার।
কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এসএইচ