ভোলায় চিকিৎসায় অবহেলার অভিযোগে ক্লিনিককে জরিমানা

দ্বীপ জেলা ভোলায় চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে চিকিৎসায় অবহেলা ও মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহারের অভিযোগে একটি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার রাতে ভোলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরকারি কমিশনার (ভূমি) সদর উপজেলা, ভোলা এস. এম. মশিউর রহমান। এ সময় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।
অভিযানকালে শহরের বাংলা স্কুল মোড়ে অবস্থিত ‘মেঘনা হেলথ কেয়ার’ নামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নোংরা পরিবেশ, অপরিষ্কার যন্ত্রপাতি এবং মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া রোগীদের চিকিৎসায় অবহেলার অভিযোগও উঠে আসে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস. এম. মশিউর রহমান বলেন, “সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/আ.র