কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর মন্তব্য করায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে সদর আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহন করে আসামীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্ণেল এতথ্য নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলার শুনানী শেষে বিচারক আসামীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। এদিকে কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা আদালত চত্বরে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করে। মিছিলটি আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি দ্রুত আমির হামজার গ্রেপ্তারের দাবী জানান।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বি.এনপির জন সমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার জামায়াত ইসলামী এমপি প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির নেতা-নেত্রী সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছেন। গত ১৬ জানুয়ারী একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধরণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমির হামজার আপত্তিকর বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্নু হয়েছে। বক্তব্যটি আমি নিজে শুনে হতভম্ভ হয়। আমির হামজার মানহানিকর বক্তব্য শুনে বাদী নিজে আহত, মর্মাহত ও ক্ষুদ্ধ হয়ে মামলা দায়ের করেন। আমির হামজাকে গ্রেফতারী পরোয়ানা মুলে আদালতে হাজির করে ন্যায় ও সুবিচার করার আবেদন করা হয়।
ভোরের আকাশ/র.ই