শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা, ৩ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশি অভিযানে হামলা চালিয়েও পার পেল না বিদেশি মদ কারবারি চক্র। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামপুর কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদককারবারিরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়।
এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা ধারালো হাসুয়া দিয়ে রিমন নামের এক সাধারণ মানুষকে কুপিয়ে জখম করে। আহত রিমন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,পরবর্তীতে ১৯ অক্টোবর ভোর থেকে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস আই মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে শ্যামপুর চৌধুরী পাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মো. খোকন ও মো. নাহিদ আহম্মেদ রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে সকাল সাড়ে ৬টায় অপর পলাতক আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযান ও সার্বিক বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, পুলিশের টিম অভিযানে গেলে মাদককারবারিরা ধস্তাধস্তি করে এবং উদ্ধার করতে আসা সাধারণ মানুষকে হাসুয়া দিয়ে কোপ দেয়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/আ.র