সাভার মডেল থানার দুইবারের শ্রেষ্ঠ অফিসার জুয়েল
ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পরপর দুইবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তার হাতে শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জুয়েল মিয়ার নেতৃত্বে গৃহীত কার্যকর পদক্ষেপ, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ ও বিচারে সহায়তা, ভিআইপি প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রমে তিনি অনন্য অবদান রেখেছেন। এবং বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এসব বিবেচনায় মে ও জুন দুই মাসের সাফল্যে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
শুধু পুলিশ প্রশাসনই নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা বলছেন, তার পদক্ষেপে বাজার এলাকায় চুরি-ছিনতাই অনেক কমেছে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, সন্তানরা এখন আগের তুলনায় নিরাপদে যাতায়াত করতে পারছে। আর শ্রমজীবী সাধারণ মানুষ জানান, থানায় এসে সহজেই সেবা পাওয়া যাচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে না।
স্থানীয়রা জানান, ওসি জুয়েল মিঞা থানাকে জনবান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। জনগণ যাতে সহজেই থানায় এসে সেবা নিতে পারে, সেই পরিবেশ তিনি গড়ে তুলেছেন। তার এই প্রচেষ্টায় পুলিশের প্রতি মানুষের আস্থা আর বেড়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানা (ওসি) জুয়েল মিয়া জনকণ্ঠকে বলেন, পুরস্কার পাওয়া মুখ্য নয়, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। সাভার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।
ভোরের আকাশ/জাআ