ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল আনুমানিক পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান সংলগ্ন দারুল ইসলাম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাহমুদ হাসান জিম (১৭)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতরা হলেন— মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জাহিদ হাসান (১৮) এবং রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ইজিবাইক মহাসড়ক থেকে নেমে ধীতপুর গ্রামীণ সড়কের দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাজির উদ্দিন নামের এক যাত্রী মারা যান। এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী জিম গুরুতর আহত হন এবং ইজিবাইকের আরও দুই যাত্রী আহত হন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/নি