জামালপুরে টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা শেষ দিনে সম্পন্ন

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) তৃতীয় ও শেষ দিনের কার্যক্রমে অংশ নেয় আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীরা।
গত বুধবার( ১৫ এপ্রিল ) শুরু হওয়া Physical Endurance Test (PET)-এর ধারাবাহিকতায় শেষ দিনে প্রার্থীদের জন্য নির্ধারিত ছিল ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং। পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরপেক্ষ, যেখানে শুধুমাত্র যোগ্যতা ও শারীরিক সক্ষমতাকেই গুরুত্ব দেওয়া হয়।
জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের উপস্থিতিতে পরীক্ষার্থীরা প্রতিটি ধাপে অংশগ্রহণ করে। তিনি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শেষে প্রার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিয়োগ প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধাপে ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারে।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/এনউব