বগুড়ায় শব্দদূষণবিরোধী অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

বগুড়ায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে তিনটি যানবাহনকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বগুড়া শহরের বনানী বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কয়েকজন পরিবহনচালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ ও পরিদর্শক মো. মাহমুদুল হাসান।
এ সময় জেলা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভোরের আকাশ/ এনউব