নিয়োগবিধি বাস্তবায়ন দাবিতে পাথরঘাটায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পাথরঘাটায় পরিবারকল্যাণ বিভাগের কর্মীরা আজ (২ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ সময় পরিবার পরিকল্পনা সেবা এবং প্রচার সপ্তাহও বর্জন করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শক দীপক কুমার হাওলাদার, পরিবারকল্যাণ পরিদর্শিকা শামীমা আক্তার এবং এফডব্লিউএ পরিবারকল্যাণ সহকারী রাহিমা বেগম। মানববন্ধনটি পাথরঘাটা উপজেলা পরিবারকল্যাণ কর্মকর্তাদের উদ্যোগে পরিচালিত হয়।
পরিবার পরিকল্পনা পরিদর্শক দীপক কুমার হাওলাদার বলেন, “আমরা সারা দেশে ৩৩,৭১০ জন কর্মী। বিভিন্ন পদধারী স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি ভিজিট করে স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান কর্মসূচি পালন করি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে হলেও দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি বা বেতন গ্রেড উন্নীতকরণ হয়নি।”
পরিবারকল্যাণ পরিদর্শিকা শামীমা আক্তার বলেন, “২৬ বছর ধরে নির্দিষ্ট শ্রেণি সুবিধাপ্রাপ্ত হওয়ায় আমাদের কর্মীদের বঞ্চনা হচ্ছে। আমাদের নিয়োগবিধি নেই, বিদ্যমান নিয়োগবিধি সংশোধিত হয়নি। তাই পদোন্নতি, বেতন গ্রেড এবং অন্যান্য চাকরিগত সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।”
এফডব্লিউএ পরিবারকল্যাণ সহকারী রাহিমা বেগম বলেন, “চাকরির শুরু থেকে আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ নানা কর্মসূচি পালন করেছি। কিন্তু তবুও নিয়োগবিধি বাস্তবায়িত হয়নি। আমাদের দাবি প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এটি শুধু চাকরির অধিকার নিশ্চিত করার আন্দোলন নয়, বরং দেশের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্যও গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ তাদের দাবিকে গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
ভোরের আকাশ/মো.আ.