পুকুরঘাটে পড়ে ছিল লুঙ্গি, পরদিন মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর মো. ইমরান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বাড়ির উত্তর পাশে এক প্রতিবেশীর পুকুর থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে।
এর আগে রবিবার (২৫ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে গোসল করতে নেমে পুকুরের পানিতে নিখোঁজ হয় সে।
নিহত ইমরান ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ইমরানের বাবা ইদ্রিস আলী জানান, তার ছেলে বাক প্রতিবন্ধী ছিল এবং মৃগী রোগে আক্রান্ত ছিল। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের আলী উসমান তালুকদারের পুকুরে গোসল করতে যায় ইমরান।
পরে দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে তারা দেখতে পান ইমরানের পরনের লুঙ্গি পুকুরঘাটে পড়ে আছে।
তিনি আরও জানান, পরে পরিবারের সদস্যরা পানিতে নেমে পুকুরের চারপাশে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু ইমরানের সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় পরদিন সোমবার ভোরে ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল এসে পুকুর থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, “আমাদের স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল এনে অভিযান চালানো হয়। মাত্র ১০ মিনিটের মধ্যেই পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ভোরের আকাশ/নি. ব