মুসাব্বির হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের ইবি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘খুনিদের গ্রেপ্তার কর, রাজনৈতিক হত্যা বন্ধসহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বার বার কারা নির্যাতিত নেতা আজিজুর রহমান মুসাব্বির। তিনি ছিলেন একজন সাহসী ও ত্যাগী সংগঠক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে নয়, গণতান্ত্রিক রাজনীতিকেই আঘাত করেছে। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দেশে বিরোধী মত দমনে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে। মুসাব্বির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। এসময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/র.ই