ঝিকরগাছায় ফের সেচ ট্রান্সফরমার চুরি

যশোরের ঝিকরগাছায় কৃষকের ফসলি জমি থেকে ১০ কেভিএ ক্ষমতার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই জমি থেকে এ নিয়ে চতুর্থবার ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ ইউনিয়নের মানিক আলী গ্রামের পশ্চিম মাঠে কৃষক রুহুল আমিন জমিতে গিয়ে দেখতে পান, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে গেছে চোরেরা। স্থানীয়দের ধারণা, চুরি হওয়া ট্রান্সফরমারটির বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
কৃষক রুহুল আমিন বলেন, এ নিয়ে একই জায়গা থেকে চারবার ট্রান্সফরমার চুরি হলো। বারবার এমন ঘটনায় আমি চরম দুশ্চিন্তায় রয়েছি। ট্রান্সফরমার না থাকায় জমিতে সেচ দেওয়াও ব্যাহত হচ্ছে।
স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, একই এলাকায় বারবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেচব্যবস্থা ব্যাহত হয়ে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তারা দ্রুত ট্রান্সফরমার চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, এলাকায় নিয়মিত টহল জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার বলেন, ট্রান্সফরমার চুরি রোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকায় টহল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আ.র